আরিফুল ইসলাম সুমন, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) ॥
সরাইল উপজেলার কালীকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চোরেরা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অফিস কক্ষের তালা ভেঙ্গে দু’টি কম্পিউটার ও অন্যান্য সরঞ্জামসহ লক্ষাধিক টাকার মূল্যের মালামাল নিয়ে যায়। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে। গতকাল শুক্রবার চুরির ঘটনা সম্পর্কে সরাইল থানাকে অবহিত করা হয়েছে। রাতে দুইজন প্রহরীর দায়িত্ব পালনের মধ্যে দিয়েও শিক্ষা প্রতিষ্ঠানে চুরির বিষয়টি নিয়ে এলাকায় মুখরোচক আলোচনা-সমালোচনা চলছে। পূর্বেও একাধিকবার এ বিদ্যালয়ে এমন চুরির ঘটনা ঘটলেও কর্তৃপক্ষ বিষয়টি ধামাচাপা দিয়ে গেছেন।
বিদ্যালয়সূত্র জানায়, অন্যান্য দিনের মতো সকল কাজকর্ম শেষে বিদ্যালয় তালা দিয়ে সবাই চলে যান। রাতে বিদ্যালয়ের দায়িত্বরত দুই প্রহরী মো. জিল্লুর রহমান (৪৫) ও জিল্লু মিয়া (৪০) পাহারা দিচ্ছিল। বৃহস্পতিবার রাতে কোন একসময় অফিস কক্ষের তালা ভেঙ্গে দু’টি কম্পিউটার ও কিছু মালামাল চুরি হয়। যার আনুমানিক মূল্য প্রায় লক্ষাধিক টাকা।
ওদিকে চুরির ঘটনাকে ঘিরে এলাকায় লোকজনের মাঝে নানা কথা চলছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, বিদ্যালয়ের পাহারাদার জিল্লুর রহমান ও জিল্লু মিয়া দু’জনই মাদক ব্যবসায়ী ও সেবনকারী। তারা প্রতিদিন সন্ধ্যার পর বিদ্যালয় প্রাঙ্গনে মাদক আস্তানা পরিচালনা করে আসছে। সুযোগে এলাকার চিিহ্নত অনেক দাগী অপরাধী গভীররাত পর্যন্ত ওই বিদ্যালয়ে যাওয়া আসা করে অবাধে। এ বিষয়ে জানতে দুই প্রহরীর খোঁজ করেও তাদের পাওয়া যায়নি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোখলেছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুই জন পাহারাদার রেখেও আমার অফিস কক্ষ থেকে দু’টি কম্পিউটার চুরি হয়েছে। বিদ্যালয়ের পাশের পরিবেশ ভাল না। পূর্বেও এখানে চুরি-ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বিষয়টি থানাকে জানিয়েছি। কমিটির লোকজনকে নিয়ে মিটিং করে সিদ্ধান্ত নিব।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. গিয়াস উদ্দিন বলেন, চুরির ঘটনায় বিদ্যালয় কর্তৃপক্ষ লিখিত অভিযোগ দেননি। শুধু সন্দেহজনক কিছু লোকের নাম দিয়েছেন।
comillaweb.com The First Online Newspaper of Greater Comilla