সর্বশেষ সংবাদ:
You are here: Home » বিনোদন » খেলাধুলা » ক্রিকেট » বাংলাদেশের বিশ্বকাপ মিশন শেষ : প্রত্যাশার চাপেই ভেঙে পড়েছি -সাকিব

বাংলাদেশের বিশ্বকাপ মিশন শেষ : প্রত্যাশার চাপেই ভেঙে পড়েছি -সাকিব

ঢাকা, ১৯ মার্চ (কুমিল্লাওয়েব ডট কম) :

সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান

দক্ষিণ আফ্রিকার দেয়া ২৮৫ রানের টার্গেটে খেলতে নেমে মাত্র ২৮ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৭৮ রানে গুটিয়ে গেছে বাংলাদেশের ইনিংস। ফলে ২০৬ রানের বিশাল পরাজয় দিয়ে শেষ হলো টাইগারদের বিশ্বকাপ মিশন। কোয়ার্টার ফাইনালের স্বপ্নে উড়তে থাকা টাইগারদের মাটিতে নামিয়েছে প্রোটিয়াসরা। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে মাত্র ৫৮ রানে গুটিয়ে যাওয়ার পর এবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৭৮ রানেই শেষ টাইগারদের ইনিংস।

দলীয় ১৫ রানে সাজঘরে ফেরেন বাংলাদেশ দলের দুই উদ্বোধনী ব্যাটসমান। দলীয় ১৪ রানে তামিম ইকবাল (৫) এবং ১৫ রানে ইমরুল কায়েস (৪) সাজঘরে ফেরেন। দুজনকে সাজঘরে ফেরান তোতসবে। দলীয় ২১ রানে জুনায়েদ সিদ্দিককে লেগ বিফোরের ফাঁদে ফেলেন জোয়ান বোথা। তোতসবের বলে শাহরিয়ার নাফিস (৫) বোল্ড হয়ে গেলে টাইগারদের সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেট হারিয়ে ২১ রান।

বিপর্যয় এড়াতে উইকেটরক্ষক মুশফিকুর রহিমকে সঙ্গে নিয়ে একাই লড়তে থাকেন দলনায়ক সাকিব আল হাসান। কিন্তু দলীয় ৩৬ রানের মাথায় স্লিপে স্মিথের হাতে ধরা পড়েন মুশফিক (৩)। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে করা ৫৮ রানের দুঃস্বপ্ন ঘিরে ধরে বাংলাদেশকে। সাকিব আর মাহমুদুল্লাহ ৫৮ রানের লজ্জা থেকে দলকে রক্ষা করেন। তবে দলীয় ৫৮ রানেই রান আউটের ফাঁদে পড়ে সাজঘরে ফেরেন মাহমুদুল্লাহ (৫)। একাই লড়তে থাকা সাকিব (৩০) পিটারসেনের বলে উইকেটরক্ষকের হাতে ধরা পড়লে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ৬১ রান। এবার আর দলকে এগিয়ে নিতে পারেননি শফিউল। রানের খাতা খোলার আগেই পিটারসেনের বলে পরিষ্কার বোল্ড হয়ে যান তিনি। দলীয় ৬২ রানে আবদুর রাজ্জাককে (০) ফেরান ইমরান তাহির। পিটারসেনের বলে নাঈম ইসলাম (৮) বোল্ড হয়ে গেলে ২৮ ওভারে বাংলাদেশের ইনিংস গুটিয়ে যায় মাত্র ৭৮ রানে। ২০৬ রানের বড় হারে শেষ হয়ে যায় টাইগারদের বিশ্বকাপ মিশন। বাংলাদেশে ক্রিকেট ইতিহাসে যুক্ত হয় আরো একটি লজ্জার দিন।
দক্ষিণ আফ্রিকার পক্ষে স্পিনার রবিন পিটারসেন ১২ রানে তুলে নেন ৪টি উইকেট। শুরুর ধ্বংসযজ্ঞের কারিগর তোতসবে ১৪ রানের বিনিময়ে ৩ উইকেট তুলে নিয়ে ম্যাচ সেরা হন। একটি করে উইকেট নেন জোয়ান বোথা ও ইমরান তাহির।

এরআগে শনিবার সকাল সাড়ে ৯টায় বিশ্বকাপের ৩৯তম ম্যাচে মিরপুর জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন প্রোটিয়াস অধিনায়ক গ্রায়েম স্মিথ।
ক্যালিস, ডু প্লেসিস ও আমলার অর্ধশতকে ভর করে বাংলাদেশকে ২৮৫ রানের টার্গেট দেয় দক্ষিণ আফ্রিকা। ব্যাটসম্যানদের প্রত্যয়ী ব্যাটিংয়ে প্রোটিয়াসদের রানের চাকা নিয়ন্ত্রণে রাখতে পারেনি টাইগার বোলাররা।

এদিকে প্রত্যাশার চাপে ভেঙে পড়েই দল এমন পরাজয় বরণ করেছে বলে জানিয়েছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানিয়ে তিনি আরো বলেন, বিশ্বকাপের আগে প্রত্যাশা ছিল কোয়ার্টার ফাইনাল খেলা। কিন্তু তিনটি ম্যাচ জিতলেও তা না হওয়ায় দল আশাহত। শনিবার বিশ্বকাপের গ্রুপের শেষ ম্যাচে নিজেদের ব্যর্থতার কথা অকপটেই স্বীকার করলেন অধিনায়ক সাকিব আল হাসান। ২০৬ রানে পরাজয়। রানের হিসেবে বিশ্বকাপে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় হতাশার দিন। এরআগে ২০০৭ সালে শ্রীলঙ্কার কাছে ১৯৮ রানে হেরেছিল বাংলাদেশ। এবারের বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৫৮ রানে হার আর এ ম্যাচে ৭৮ রানে অলআউট। কেন এই ব্যর্থতা? কারণটা জানালেন সাকিব নিজেই। ‘আমরা জাস্ট ভাল ব্যাটিং করিনি। প্রেসার বলেন আর চাপই বলেন, আমরা আসলে বড় আসরে এসে নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারিনি।’




সর্বমোট পঠিত: 175

সর্বশেষ সম্পাদনা: March 20, 2011 at 11:55 pm

প্রিজম আইটি: ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্ট-এর জন্য যোগাযোগ করুন- ০১৬৭৩৬৩৬৭৫৭

Scroll To Top
Close
Like Us on Facebook
Click the Like Button to get Free Update