সর্বশেষ সংবাদ:
You are here: Home » প্রচ্ছদ » কুমিল্লা জেলা » ক. কুমিল্লা সদর » কুমিল্লা সিটি কর্পোরেশন করার প্রস্তাবিত প্রতিবেদন স্থানীয় সরকার মন্ত্রণালয়ে প্রেরণ

কুমিল্লা সিটি কর্পোরেশন করার প্রস্তাবিত প্রতিবেদন স্থানীয় সরকার মন্ত্রণালয়ে প্রেরণ

জনমত যাচাইয়ের জন্য গণবিজ্ঞপ্তি দেয়া হবে- কুমিল্লা জেলা প্রশাসক
ইমতিয়াজ আহমেদ জিতু,কুমিল্লা :

কুমিল্লা পৌরসভাকে সিটি কর্পোরেশন করার প্রস্তাবিত প্রতিবেদন গত সপ্তাহে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে । পৌরএলাকার আয়তন, জনসংখ্যার ঘনত্ব, মোট জনসংখ্যা, বার্ষিক আয়সহ বিভিন্ন শর্ত পূরণ করে একটি প্রস্তাবিত প্রতিবেদন তৈরি করে তা মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়। প্রস্তাবিত প্রতিবেদন পাঠানোর পর মন্ত্রণালয় থেকে জনমত চেয়ে কুমিল্লা জেলা প্রশাসক বরাবর একটি চিঠি এসেছে। কয়েকদিনের মধ্যে গণবিজ্ঞপ্তির মাধ্যমে জনমত যাচাই করা হবে বলে জানা গেছে।

জানা যায়, কুমিল্লা পৌরসভাকে সিটি কর্পোরেশন করার প্রস্তাব পাঠাতে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে গত সপ্তাহে কুমিল্লা জেলা প্রশাসক বরাবর সিটি কর্পোরেশন বিধিমালা এসআরও নং ০২-আইন/২০১০-এর ধারা ৩,৪,৫ উল্লেখ করে সুনিদির্ষ্ট আকারে প্রস্তাবসহ প্রতিবেদন চেয়ে চিঠি দেয়া হয়েছিল। মন্ত্রণালয়ের দেয়া চিঠিতে নতুন সিটি কর্পোরেশন হিসেবে ৮টি শর্ত পূরণের কথা উল্লেখ করে দেয়ার জন্য বলা হয়েছে। শর্তগুলোর মধ্যে বিদ্যমান পৌর এলাকার জনসংখ্যা নূন্যতম ৪ লাখ ও জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গকিলোমিটারে নূনতম ৩ হাজার হতে হবে। পৌর এলাকার স্থানীয় বার্ষিক আয় হতে হবে ৫ কোটি টাকা। প্রস্তাবিত এলাকায় শিল্প প্রতিষ্ঠান থাকতে হবে এবং তা বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ হতে হবে। প্রস্তাবিত এলাকায় ভৌত অবকাঠামোগত সুবিধা থাকতে হবে যাতে ভবিষ্যতে সম্প্রসারণ করা যায়। প্রস্তাবিত পৌর এলাকার বার্ষিক আয় হতে হবে নূন্যতম ১০ কোটি টাকা। প্রস্তাবিত এলাকায় সিটি কর্পোরেশন প্রতিষ্ঠার বিষয়ে জনমত অনুকূলে থাকতে হবে এবং আয়তন হতে হবে নূন্যতম ৫ বর্গ কিঃমিঃ। স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে চিঠি পাওয়ার পর শর্তগুলো পূরণ করে একটি প্রস্তাবনা প্রতিবেদন কুমিল্লা জেলা প্রশাসকের মাধ্যমে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রস্তাবিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বর্তমানে পৌর এলাকার জনসংখ্যা ৫ লাখ ও জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গকিলোমিটারে ১৫ হাজার ৫শ ৭৬ জন। বর্তমানে পৌর এলাকার স্থানীয় বার্ষিক আয় ১২ কোটি ৬২ লক্ষ ৮০ হাজার ৪৭২ টাকা এবং পৌর এলাকার বার্ষিক আয় ১৩ কোটি ৪৩ লক্ষ ৮০ হাজার ৫৭২ টাকা। পৌর এলাকার আয়তন ৩২.১০ বর্গ কিঃমিঃ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে কুমিল্লা জেলা প্রশাসক মোঃ রেজাউল আহসান প্রতিবেদককে জানান, স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে সিটি কর্পোরেশন করার প্রস্তাব চেয়ে প্রেরিত চিঠির প্রেক্ষিতে কুমিল্লা পৌরসভা ও সদর দক্ষিণ পৌর এলাকার বিবরণ উল্লেখ করে এক সপ্তাহ পূর্বে মন্ত্রণালয়ে চিঠি প্রেরণ করা হয়েছে। কয়েকদিনের মধ্যে জনমত যাচাই করার জন্য গণবিজ্ঞপ্তি দেয়া হবে, যাতে করে পৌর এলাকার জনগণ জানতে পারে কোন কোন এলাকা নিয়ে কুমিল্লা সিটি কর্পোরেশন করার প্রস্তাবনা দেয়া হয়েছে। গণবিজ্ঞপ্তির মাধ্যমে পৌর এলাকার জনগণের মতামত যাচাই করা হবে।




সর্বমোট পঠিত: 5

সর্বশেষ সম্পাদনা: February 15, 2011 at 11:56 pm

প্রিজম আইটি: ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্ট-এর জন্য যোগাযোগ করুন- ০১৬৭৩৬৩৬৭৫৭

Scroll To Top
Close
Like Us on Facebook
Click the Like Button to get Free Update