Travel News:

দেবীদ্বার ও বুড়িচংয়ে ৬০০ অবৈধ স্থাপনা উচ্ছেদ


স্টাফ রিপোর্টার :
কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার কংশনগর বাজার ও দেবীদ্বার উপজেলার জাফরগঞ্জ বাজার এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশের প্রায় ৬০০ অবৈধ স্থাপনা বুধবার উচ্ছেদ করা হয়েছে।
বেলা ১১টা থেকে বিকেল চারটা পর্যন্ত টানা পাঁচ ঘণ্টা চলে এই উচ্ছেদ অভিযান। মহাসড়ক যানজটমুক্ত রাখতে প্রশাসন ওই ব্যবস্থা নিয়েছে বলে জানা গেছে। প্রশাসনের এ উদ্যোগকে এলাকাবাসী ও পরিবহন ব্যবসায়ীরা সাধুবাদ জানিয়েছেন।
কুমিল্লার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু আউয়াল জানান, কয়েক দিন ধরেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও কুমিল্লা-সিলেট মহাসড়কের কুমিল্লা জেলার বিভিন্ন স্থানে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। এরই অংশ হিসেবে বুধবার দুটি বাজারের প্রায় ৬০০ দোকানপাট ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। ওই দুটি বাজারে দীর্ঘদিন যাবৎ অবৈধ দখলদারেরা আধা পাকা দোকান তৈরি করে ব্যবসা করে আসছিল। শিগগিরই দেবীদ্বার ও কোম্পানীগঞ্জ বাজারেও অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালানো হবে।
উচ্ছেদ অভিযানের সময় সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মো. জাহেদ হোসেন ও বিপুলসংখ্যক পুলিশ উপস্থিত ছিল। তবে দখলদারেরা এ ক্ষেত্রে কোনো বাধা দেয়নি।
এর আগে মঙ্গলবার দাউদকান্দি উপজেলার গৌরীপুর ও ইলিয়টগঞ্জ বাজারের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। ২৪ আগস্ট নিমসার তরকারি বাজারের অবৈধ স্থাপনাও উচ্ছেদ করা হয়।

What Next?

Recent Articles